প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশের সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাবেক শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, আইন অঙ্গন ও শিক্ষা ব্যবস্থার একজন প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। দেশের সংসদীয় ঐতিহ্য, আইন প্রণয়ন এবং শিক্ষা বিস্তারে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের উচ্চশিক্ষা ও সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং সৃজনশীল কার্যক্রম বাস্তবায়নেও তিনি আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়েছেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন সুহৃদ ছিলেন। তাঁর মৃত্যু দেশের রাজনৈতিক, শিক্ষা ও আইন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় ভিসি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিভিন্ন সময়ে গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার এবং ২০০২ সালে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।