ইরানের বন্দর ও বাণিজ্যিক জাহাজের ওপর আরোপিত দুই মাসব্যাপী মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারক স্বাক্ষরের আনুষ্ঠানিকতার আগেই এই প্রত্যাহার করা হলো।

মঙ্গলবার (১৬ জুন) ইরান সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বক্তব্যে উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি বলেন, অবরোধ প্রত্যাহার ছিল তেহরানের অন্যতম প্রধান দাবি। অবরোধ প্রত্যাহারের বিষয়টি আমরা শুরু থেকেই জোর দিয়েছিলাম। এখন তা শুরু হয়েছে এবং সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিক সমঝোতা চুক্তি স্বাক্ষরের আগেই অবরোধ তুলে নেওয়া হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ জানান, তিনি ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের অনুমোদন দিয়েছেন।

তবে সোমবার বহুজাতিক নৌ নিরাপত্তা সংস্থা জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইসি) জানিয়েছিল, যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত অবরোধ শুক্রবার পর্যন্ত বহাল থাকার কথা।

এর আগে ট্রাম্প আরো দাবি করেন, ইরানের সঙ্গে সংঘাত বন্ধে একটি সমঝোতা স্মারক ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে এবং এর আনুষ্ঠানিকতা আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সম্পন্ন হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। একপর্যায়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে তেহরান।

পরবর্তীতে ইরানের বন্দর ও বাণিজ্যিক জাহাজের ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সমঝোতার আলোচনার মধ্যেই সেই অবরোধ প্রত্যাহারের দাবি সামনে আসে।