গ্রাহকদের ব্যাপক আমানত প্রত্যাহারের চাপ ও তীব্র তারল্য (নগদ টাকা) সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আরও ২৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার (১৫ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ অর্থ ছাড় করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এর আগের দিনও বাংলাদেশ ব্যাংক থেকে একই পরিমাণ অর্থ সহায়তা পাওয়া গেছে। তবে আগের দিন পাওয়া ২ হাজার ৫০০ কোটি টাকা এখনো ব্যবহার করার প্রয়োজন হয়নি।

আলতাফ হোসেন বলেন, সাম্প্রতিক অস্থিরতার কারণে যেসব গ্রাহক আমানত তুলে নিয়েছিলেন, তাদের আস্থা ধীরে ধীরে ফিরছে। তিনি আশা প্রকাশ করেন, অনেক গ্রাহক আবারও ব্যাংকটির সঙ্গে লেনদেনে ফিরে আসবেন।

তার ভাষ্য, গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের ইতিবাচক লক্ষণ ইতোমধ্যেই দেখা যাচ্ছে। একটি বড় শাখার তথ্য তুলে ধরে তিনি বলেন, আগের তুলনায় সেখানে হিসাব বন্ধের সংখ্যা প্রায় ৭৫ শতাংশ কমে এসেছে।

এর আগে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অংশ হিসেবে চেয়ারম্যান মো. খুরশীদ আলমসহ বিদ্যমান পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হওয়া এবং বিপুল পরিমাণ আমানত উত্তোলনের কারণে ব্যাংকটি তীব্র তারল্য চাপে পড়ে।

পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকে প্রশাসক নিয়োগ দেয়। এ দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে।

মোহাম্মদ জহির হোসেন বর্তমানে বাংলাদেশ ব্যাংকের একজন শীর্ষস্থানীয় পেশাদার কর্মকর্তা এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক (Executive Director) হিসেবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে তাঁর দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা রয়েছে।