বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ন্যায়-ইনসাফভিত্তিক দেশ গড়তে যুব সমাজকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। মাদক, ইভটিজিং ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে মুক্ত করে আদর্শবান, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ গুরু দায়িত্ব পালন করতে হবে যুব বিভাগকে। তিনি বলেন, ইনশাআল্লাহ স্বল্প সময়ের মধ্যেই দেশের যুবসমাজকে সোনার মানুষে পরিণত করা সম্ভব হবে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় কুমিল্লা মহানগরীর আইটি হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত যুব দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা মহানগর জামায়াতের যুব বিভাগের সভাপতি কাজী নজির আহমেদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মু. আবুল কালাম পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ এবং কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের নেতা ড. মোবারক হোসেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, কুমিল্লা মহানগর যুব বিভাগের সহকারী সেক্রেটারি ইশরাফিল হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, আদর্শিক, দক্ষ ও দায়িত্বশীল যুবশক্তিই জাতির সবচেয়ে বড় সম্পদ। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় যুবসমাজকে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।