জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জুলাইয়ের চেতনা বাস্তবায়নের প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা মহিলা বিভাগের উদ্যোগে জুলাই শহীদ স্মরণে দ্বিতীয় বর্ষ পালন উপলক্ষে বৃহস্পতিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নাসরিন আকবরের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি আমেনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা ব্যক্ত করেছে। তাই জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব বা গড়িমসি জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ গণভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেছেন। জনগণের সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা দীর্ঘদিন উপেক্ষিত হলে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবি আরও জোরালো হবে।
তিনি জুলাই শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাঁদের রক্তের ঋণ পরিশোধের অন্যতম উপায় হলো ন্যায়বিচার প্রতিষ্ঠা, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা এবং একটি কল্যাণমুখী ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা।
জেলা জামাতের অডিটোরিয়ামে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি খাদিজা হক, শ্রমিক কল্যাণ বিভাগের সহকারী সেক্রেটারি রাশিদা আজাদ এবং কর্মপরিষদ সদস্য ফারহানা ইয়াসমিন ও সানজিদা বিল্লাহ।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং শহীদদের আদর্শকে ধারণ করে সমাজ ও রাষ্ট্রে ন্যায়, ইনসাফ, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।