জাতীয় সংসদে রংপুর-৬ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মো. নুরুল আমীন অভিযোগ করেছেন যে, পবিত্র ঈদুল আজহা পেরিয়ে ১৬ জুন হয়ে গেলেও দেশের মাদ্রাসার কোনো শিক্ষক এখনও মে মাসের বেতন পাননি।
আজ মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদ অধিবেশনের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি জানান, একজন মাদ্রাসা শিক্ষক তাকে ফোন করে কান্নাকাটি করেছেন, কারণ বেতন না পাওয়ায় তিনি তার অসুস্থ মায়ের চিকিৎসা করাতে পারছেন না।
সরকারি চাকরিজীবীরা মাসের শুরুতেই বেতন পেয়ে যান, অথচ শিক্ষকদের ক্ষেত্রে এই দীর্ঘ বিলম্ব কেন—তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
পবিত্র ঈদ চলে যাওয়ার পরও মাসের অর্ধেক পার হয়ে যাওয়ায় তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
মাদ্রাসা শিক্ষকদের এই অবহেলার অবসান ঘটানোর পাশাপাশি তিনি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো সরকারীকরণের জন্য বিনীত অনুরোধ জানান।
এদিকে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষকদের মে মাসের বেতন না পাওয়ার পেছনে মূল অর্থনৈতিক কোডে পর্যাপ্ত সরকারি অর্থ বরাদ্দ বা বাজেট না থাকাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে।