বাংলাদেশে তুর্কি বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সহযোগিতা জোরদারে তুরস্ককে একটি ডেডিকেটেড বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রদানের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার।

আজ শুক্রবার (৫ জুন) ঢাকায় সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা সম্পর্কে জানিয়েছি এবং সম্ভাব্য তুর্কি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছি। আমরা বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় তুরস্ককে প্রস্তাব দিয়েছি। তিনি জানান, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা ও ব্যবসাবান্ধব পরিবেশের সুবিধা নিয়ে টেক্সটাইল ও অ্যাপারেলস, প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন, জাহাজ নির্মাণ, ফার্মাসিউটিক্যালস, নবায়নযোগ্য জ্বালানি, আইসিটি, স্মার্ট প্রযুক্তি এবং বেসামরিক বিমান পরিবহণ খাতে তুরস্ককে বিনিয়োগের অনুরোধ করা হয়েছে।

মন্ত্রী জানান, দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করতে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এছাড়া বাণিজ্য ঘাটতি কমাতে এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) নিয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন।

ঢাকার বুকে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল এবং নার্সিং ইনস্টিটিউট গড়ে তুলতে তুরস্ককে বিশেষ প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, তুরস্কে অবস্থানরত প্রায় ৩ হাজার বাংলাদেশি নাগরিকের (যার বড় অংশই শিক্ষার্থী) সুবিধার্থে বৃত্তির সংখ্যা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে ঢাকা।

সফরকালে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

এই দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও অর্থনৈতিক সম্পর্ক একটি নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছাবে বলে উভয় দেশ আশা প্রকাশ করেছে।

খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ এবং টেকসইভাবে মিয়ানমারে তাদের নিজ ভূমিতে প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে তাদের সহযোগিতা চেয়েছি।

এর আগে গত বৃহস্পতিবার (৪ জুন) রাতে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।