স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এডুকেশন পরিচালিত ‘বাউবি মডেল স্টাডি সেন্টার’-এ ২০২৬ শিক্ষাবর্ষের এমএড (২০২৬ ব্যাচ) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সোমবার (৬ জুলাই) সকালে গাজীপুরস্থ বাউবির মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা, পরিচিতি পর্ব এবং দিকনির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।
স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, আদর্শ ও মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত সহযোগিতার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং সময়োপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনায় বাউবিতে ধারাবাহিকভাবে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।
পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন স্কুল অব এডুকেশনের সহযোগী অধ্যাপক মো. আরিফ-উজ-জামান। নবীন শিক্ষার্থীদের পক্ষে একজন ছাত্র ও একজন ছাত্রী তাদের অনুভূতি, প্রত্যাশা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন স্কুল অব এডুকেশনের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক মো. জহুরুল ইসলাম। তাঁরা নিয়মিত অধ্যয়ন, গবেষণামুখী মনোভাব, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
স্কুল অব এডুকেশনের প্রভাষক এমএস অনুশ্রী ঘোষের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এমএড প্রোগ্রামে ভর্তি হওয়া ৩৪ জন শিক্ষার্থীর মধ্যে ২৫ জন উপস্থিত ছিলেন।