প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা-২০২৬-এর আগামী ১৭ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিতব্য বাংলা প্রথম পত্র (HSC-1851) ও বাংলা দ্বিতীয় পত্র (HSC-2851) পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের নির্ধারিত পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই ২০২৬) বাউবির পরীক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে এমএ ও এমএসএস (প্রিলিমিনারি) প্রোগ্রামের টার্ম-২৪২ (২য় সেমিস্টার), বিএএজি.এড (B.Ag.Ed) প্রোগ্রামের ২৫২ টার্মের (জুলাই-ডিসেম্বর ২০২৫) ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ সেমিস্টার, মাস্টার অব এডুকেশন (এমএড) পরীক্ষা-২০২৫-এর ২৫২ টার্মের ১ম ও ২য় সেমিস্টার এবং বিবিএ প্রোগ্রামের ২৪১ টার্মের ১ম, ৩য়, ৫ম ও ৭ম লেভেলের ১৭ ও ১৮ জুলাইয়ের পরীক্ষাসমূহ।
বাউবি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। তবে এইচএসসি পরীক্ষা-২০২৬-এর অন্যান্য সকল বিষয়ের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।