জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের (২০২৪-২৫ সেশন) শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলামের খোঁজ পাওয়া গিয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) সাতদিন পর সন্ধান মেলে তাঁর। গত বৃহস্পতিবার (১৮ জুন) তিনি নিখোঁজ হয়েছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকেই তাকে উদ্ধার করা হয়।
নিখোজ হওয়া শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলেন, আমি কেরানীগঞ্জ থেকে এখানে এসেছি। আমার মাথা এখন কাজ করছে না। আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না।
সিরাজুলের বাবা আবুল কালাম বলেন, আমাকে একটি অজ্ঞাত নম্বর থেকে কল করে বলা হয় সিরাজুল বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আছেন। তখন আমি বিশ্ববিদ্যালয়ের ভিতরেই ছিলাম। পরবর্তীতে আমি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে তাকে উদ্ধার করি।
তিনি আরও বলেন,বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের সবাই বিভিন্নভাবে তাকে খুঁজে বের করার চেষ্টা করেছেন। দায়িত্বে থাকা এসআইও যথেষ্ট চেষ্টা করেছেন। সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, শিক্ষার্থী সিরাজ প্রামাণিক কয়েকদিন নিখোঁজ থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর উদ্বেগে ছিল। বিষয়টি জানার পরপরই প্রশাসন, শিক্ষার্থী প্রতিনিধি, বিভিন্ন ছাত্রসংগঠন ও সাংবাদিকদের নিয়ে জরুরি বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা চাওয়া হয় এবং প্রক্টরের নেতৃত্বে একটি টিম ধানমন্ডি থানায় কাজ করে।
তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিরাজকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পাওয়া গিয়েছে। এ জন্য তিনি পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ জুন) থেকে সিরাজুল ইসলামের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে দ্রুত খুঁজে বের করার উদ্যোগ নেয়।
এর আগে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাকক্ষে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীকে দ্রুত খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।