গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকায় হানিট্র্যাপের মাধ্যমে এক যুবককে আটক করে মারধর, প্রাণনাশের হুমকি দিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

পুলিশ জানায়, এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা নং-৩২, তারিখ ১৮ জুন ২০২৬, পেনাল কোডের ৩৬৫/৩২৪/৩৮৫/৩৮৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৬ জুন টঙ্গী পশ্চিম থানার মুদাফা এলাকায় কনসেপ্ট গার্মেন্টস সংলগ্ন একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় শেরপুর জেলার ফটিয়ামারী এলাকার বাসিন্দা সালেহীন মিয়া (২৮) ও তার বন্ধু টিটু মিয়াকে এক নারী সদস্যের মাধ্যমে কৌশলে হানিট্র্যাপের মাধ্যমে সেখানে নিয়ে যাওয়া হয়। পরে সংঘবদ্ধ চক্রের সদস্যরা তাদের একটি কক্ষে আটকে রেখে মারধর করে এবং প্রাণনাশের ভয় দেখিয়ে নগদ ৭৬ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্রের সক্রিয় সদস্য। একই কৌশলে তারা এর আগেও একাধিক ব্যক্তিকে ফাঁদে ফেলে অর্থ আদায় করেছে বলে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।

মামলা দায়েরের পর তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) এস এম মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত পাঁচ সদস্যের মধ্যে ২৪ ঘণ্টার মধ্যেই দুই নারী ও একজন পুরুষ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন। অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযানে আরও জোরদার কার্যক্রম পরিচালনা করা হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।