ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত শতাব্দীপ্রাচীন গাজীপুরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের ২০ দিনব্যাপী রথযাত্রা ও রথ মেলা বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে শুরু হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের ভাবগাম্ভীর্য, ঐতিহ্য এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিতব্য এই রথযাত্রা ও মেলাকে ঘিরে গাজীপুরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।
সকাল ১০টায় গাজীপুর প্রেসক্লাব সংলগ্ন বটমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি প্রধান অতিথি হিসেবে রথযাত্রা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গাজীপুরের জেলা প্রশাসক ও মেলা মেলা উদযাপন কমিটির সভাপতি মোঃ নূরুল করিম ভূঁইয়া। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সুধীজন এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেবেন।
মেলা উপলক্ষে রথখোলা এলাকায় ইতোমধ্যে বিশাল এলাকাজুড়ে সার্কাস, পুতুল নাচ, নাগরদোলা, শিশুদের বিনোদনের বিভিন্ন আয়োজন এবং দেশীয় ঐতিহ্যবাহী হস্তশিল্প, খেলনা, মিষ্টান্ন, গৃহস্থালি সামগ্রী ও নানা ধরনের পণ্যের শতাধিক দোকান বসেছে। ফলে মেলাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
আয়োজকরা জানান, রথযাত্রার দিন ঐতিহ্যবাহী রথ টানার অনুষ্ঠানে গাজীপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মাবলম্বী কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেবেন।