শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১ নম্বর রামনগর ইউনিয়ন শাখার সেক্রেটারি মুন্সি নাজমুলের উদ্যোগে ১ নম্বর ওয়ার্ডের ৫০ জন শিশুর মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল ৮টায় শ্রীকান্তনগর গ্রামের গোবিন্দ মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি শিশুকে একটি করে ব্যাডমিন্টন র্যাকেট ও দুটি করে কর্ক উপহার দেওয়া হয়। খেলাধুলার প্রতি শিশুদের আগ্রহ বৃদ্ধি এবং তাদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।
স্থানীয় জামায়াত ইউনিটের সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সি নাজমুল। তিনি নিজ হাতে শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তবিবুর রহমান, আব্দুল ওয়াদুদ, হাবিবুর রহমান, ইকবাল হোসেন, হাসান আল বান্না, স্থানীয় মসজিদের ইমাম আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলার সামগ্রী পেয়ে শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। অনেক শিশুকে নতুন উপহার হাতে উচ্ছ্বসিত দেখা যায়। প্রধান অতিথির বক্তব্যে মুন্সি নাজমুল বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। একটি সুখী, সমৃদ্ধ ও আদর্শ বাংলাদেশ গড়তে হলে শিশুদের নৈতিক মূল্যবোধসম্পন্ন এবং সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিশুদের সঠিকভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবার ও সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সন্তানের প্রতি পিতা-মাতার দায়িত্ব যেমন রয়েছে, তেমনি পিতা-মাতার প্রতিও সন্তানের কর্তব্য রয়েছে। পারিবারিক বন্ধন, নৈতিক শিক্ষা এবং মানবিক মূল্যবোধের চর্চা শিশুদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মুন্সি নাজমুল শিশুদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, নিয়মিত খেলাধুলা শিশুদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শিশু ও অভিভাবকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।