গাজীপুরের শ্রীপুরে একাধিক মাদক মামলার আসামি আল আমিন ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দা ও যুবসমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

রোববার (২৮ জুন) বিকেলে শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকার গিলাবেড়াইদ মৌলভী বাড়ি বায়তুল হামদ জামে মসজিদের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। “মাদকমুক্ত সমাজ চাই” স্লোগানকে সামনে রেখে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আল আমিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কারণে স্থানীয় যুবসমাজ মাদকের ভয়াল প্রভাবে বিপথগামী হচ্ছে এবং এলাকায় সামাজিক অবক্ষয় ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

তারা আরও বলেন, মাদক কেবল ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি জাতীয় সমস্যা। মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। এ সময় অংশগ্রহণকারীরা “মাদকমুক্ত সমাজ চাই”, “মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করো”, “যুবসমাজকে বাঁচাও”-সহ বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী ও বিপুলসংখ্যক তরুণ-যুবক উপস্থিত ছিলেন।