কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে পদুয়ারবাজার এলাকায় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে একটি কাভার্ডভ্যান কেটে ইয়াবার চালান উদ্ধার করে পুলিশ।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান কুমিল্লার দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে জেলার চৌদ্দগ্রাম এলাকায় একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় লবণবাহী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান এবং স্কটকারী প্রাইভেটকার জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, কাভার্ডভ্যানের মালিক, চালক ও হেলপারসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।