‎কুমিল্লা অফিস:

‎কুমিল্লার গুণবতী ও হাসানপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৃথক দুই দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এর ফলে ঢাকাসহ চট্টগ্রামের সঙ্গে সিলেট, ময়মনসিংহ ও চাঁদপুর রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

‎মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে এ দুটি দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট স্টেশনের স্টেশন মাস্টার জামাল উদ্দিন।

‎রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুর স্টেশনের অদূরে পৌঁছালে এর ইঞ্জিন বিকল হয়ে আপ লাইনে আটকা পড়ে।

‎এদিকে, সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার পথে মাঝপথে চারটি বগি লাইনচ্যুত হয়। ফলে আপ ও ডাউন—দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

‎এ অবস্থায় বিভিন্ন স্টেশনে আটকে পড়া যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়। অনেক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়।

‎শেষ খবর পাওয়া পর্যন্ত সোনার বাংলা এক্সপ্রেসের বিকল ইঞ্জিন এবং মেঘনা এক্সপ্রেসের লাইনচ্যুত চারটি বগি উদ্ধারে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।